চলতি মার্চের শুরুতে শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলের একটি বেসামরিক বিমানবন্দরে আমেরিকা দুটি যুদ্ধবিমান অবতরণ ও নোঙরের অনুমতি চেয়েছিল। তবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে।
তিনি বলেন, শ্রীলঙ্কার নিরপেক্ষতা বজায় রাখা এবং দেশের ভূখণ্ড যেন কোনো পক্ষের সামরিক সহায়তা বা বাধা প্রদানের কাজে ব্যবহার না হয়, তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) শ্রীলঙ্কার জাতীয় সংসদে দেওয়া ভাষণে এ তথ্য জানিয়েছেন তিনি।
পার্লামেন্টে দেওয়া ভাষণে দিশানায়েকে জানান, জিবুতির একটি ঘাঁটি থেকে আটটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রবাহী দুটি যুদ্ধবিমান ৪ থেকে ৮ মার্চ পর্যন্ত মত্তলা আন্তর্জাতিক বিমানবন্দরে রাখার অনুমতি চেয়েছিল আমেরিকা। তবে আমরা সরাসরি ‘না’ বলে দিয়েছি।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র গত ২৬ ফেব্রুয়ারি এই অনুরোধ করেছিল। একই দিনে ইরানও একটি অনুরূপ অনুরোধ জানায়। তারা ভারত থেকে নৌ-মহড়া শেষে ফেরার পথে তাদের তিনটি যুদ্ধজাহাজের জন্য বন্দরে নোঙরের অনুমতি চেয়েছিল।
প্রেসিডেন্ট অনুরা বলেন, “আমরা ৯ থেকে ১৩ মার্চের জন্য কলম্বো বন্দরে ইরানের তিনটি জাহাজ আনার অনুরোধ তখনও বিবেচনা করছিলাম। আমরা যদি ইরানকে ‘হ্যাঁ’ বলতাম, তাহলে আমাদের যুক্তরাষ্ট্রকেও ‘হ্যাঁ’ বলতে হতো।”
অনুরার এই বক্তব্যের সময় শ্রীলঙ্কার ২২৫ সদস্যের আইনসভায় করতালির ধ্বনি ওঠে। এ সময় তিনি বলেন, “কিন্তু আমরা তা করিনি। আমরা নিরপেক্ষ অবস্থানের ওপর অটল রয়েছি।”
সূত্র: এএফপি










