বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, গত এক মাসে অর্থাৎ রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল এবং সবার চেষ্টায় তা মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা সম্ভব হয়েছে।
শনিবার (২১ মার্চ) সকালে তিনি সিলেটের ঐতিহাসিক শাহি ঈদগাহ ময়দানে ঈদের জামাত আদায়ের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
মন্ত্রী জানান, সরকার জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত সরকার হিসেবে বৈশ্বিক যে কোনো চাপই আসুক, মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য রাখাকে প্রধান লক্ষ্য হিসেবে রেখেছে। তিনি বলেন, জীবনযাপন যেন সহনীয় হয়, তার জন্য প্রয়োজনীয় সব সরকারি উদ্যোগ নেওয়া হবে।
একই ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন প্রবাসীকল্যাণ, বৈদেশিক ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে দেশের অনেক প্রবাসী বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন—কেউ মারা গেছেন, কেউ আহত বা হাসপাতালে চিকিৎসাধীন, কেউ গৃহবন্দি অবস্থায়। তাদের জন্য দোয়া করা হয়েছে।










