মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধকে সমগ্র মানবজাতির জন্য কলঙ্ক বলে মন্তব্য করেছেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ লিও। তিনি বলেছেন, এত মানুষের কষ্টের সামনে নীরব থাকার সুযোগ নেই। একই সঙ্গে তিনি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।
রোববার (২২ মার্চ) ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে সাপ্তাহিক অ্যাঞ্জেলাস প্রার্থনায় এসব কথা বলেন তিনি। সেখানে পোপ লিও বলেন, মধ্যপ্রাচ্যসহ সহিংসতায় বিধ্বস্ত অন্যান্য অঞ্চলের পরিস্থিতি তিনি গভীর উদ্বেগের সঙ্গে অনুসরণ করছেন।
পোপ লিও বলেন, এত মানুষের দুর্ভোগ, বিশেষ করে সংঘাতগুলোর অসহায় ভুক্তভোগীদের কষ্টের সামনে নীরব থাকা যায় না। তাদের যে যন্ত্রণা আঘাত করে, তা পুরো মানবজাতিকেই আঘাত করে।
তিনি আরও বলেন, শত্রুতা বন্ধ হোক এবং শেষ পর্যন্ত শান্তির পথ প্রশস্ত হোক, এ জন্য তিনি আবারও প্রার্থনা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছেন।
সূত্র : আল জাজিরা










