শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি চলমান প্রক্রিয়ার মধ্যেই রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের হাইকমিশনারের সঙ্গে একাধিক বৈঠকে বিষয়টি তোলা হয়েছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে থাকা অভিযোগগুলোর কথাও আলোচনায় এসেছে।
মঙ্গলবার (২৪ মার্চ) ঈদ পরবর্তী প্রথম কর্মদিবসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামা ওবায়েদ ইসলাম এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, “আমরা সরকারে আসার পর এক মাস হয়েছে। সেই এক মাসে ভারতের হাইকমিশনারের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে; ওই মিটিংয়ে ওই কথা বলা হয়েছে।”
তিনি বলেন, “গত ১৭ বছরে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলা আছে, কোনটার সাজা হয়েছে; আরও যারা আছে। তাদের ব্যাপারেও আমরা কথা বলেছি।”
এ সরকার ক্ষমতায় আসার পর শেখ হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক চিঠি না যাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী বলেন, “আমরা তো কথাই বলছি। এটা তো অলরেডি চলমান প্রক্রিয়ার মধ্যে আছে।”
সময়, স্থান ও প্রেক্ষাপট তুলে ধরে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের আমলে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি দেওয়া হয়েছিল। তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিষয়টি ভারতীয় দূতের কাছে মৌখিকভাবে তোলা হলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নতুন কোনো চিঠি পাঠানো হয়নি।
প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি দেয় বাংলাদেশ। গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করছেন।










