spot_img

সংবিধানের দোহাই দিয়ে গণভোটের রায় অস্বীকার করছে বিএনপি: নাহিদ

গণভোটের রায় মেনে নেওয়ার প্রশ্নে বিএনপি সংবিধানের দোহাই দিলেও বাস্তবে তারা সেই রায় অস্বীকার করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, জনগণের রায় স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে, কিন্তু এখন তা অস্বীকার করে রাজনৈতিক আস্থার সংকট তৈরি করা হচ্ছে।

শনিবার (২৮ মার্চ) নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় এনসিপির সাধারণ সভায় বক্তব্য দিতে গিয়ে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জনগণের রায় প্রতিফলিত হয়েছে। ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিয়েছেন। বিএনপি নিজেও এ নির্বাচনে গণভোটে অংশ নিয়েছে। বিএনপির দলীয় প্রধানও গণভোটের পক্ষে অবস্থান নিয়েছেন। এখন তারা সংবিধানের দোহাই দিচ্ছে। দোহাই দিয়ে তারা গণভোটের রায়কে অস্বীকার করছে।

তিনি আরও বলেন, স্বাধীনতার ঘোষক ইস্যুতেও দ্বৈত অবস্থান দেখা গেছে। নাহিদ ইসলামের ভাষ্য, সম্প্রতি এ বিতর্কে একজন ইউএনওকে বদলিও করা হয়েছে। যেখানে সংবিধান অনুযায়ী স্বাধীনতার ঘোষক হিসেবে শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ আছে, সেখানে জিয়াউর রহমানকে সংবিধান অনুযায়ী স্বাধীনতার ঘোষক বলা যায় না। এক জায়গায় সংবিধান মানা হচ্ছে, অন্য জায়গায় মানা হচ্ছে না।

নাহিদ ইসলাম বলেন, এই দ্বিচারিতা জনগণের সামনে উন্মোচিত হয়েছে। তাই দ্রুত গণভোটের রায় মেনে নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সব সংস্কার বাস্তবায়ন করতে হবে। তিনি সতর্ক করে বলেন, এ বিষয়ে সাংবিধানিক দোহাই দেওয়া হলে তা জনগণের কাছে বিশ্বাসযোগ্য হবে না, বরং রাজনৈতিক আস্থার সংকট তৈরি করবে। তখন বিষয়টি রাজপথে গড়াতে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ