আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিরোধী দল বিজেপিকে সতর্ক করে বলেন, বিজেপি ক্ষমতায় এলে মানুষের খাদ্যাভ্যাস পর্যন্ত নিয়ন্ত্রণের চেষ্টা হতে পারে। বিজেপি ক্ষমতায় এলে মানুষের মাছ-মাংস খাওয়ার স্বাধীনতাও সংকুচিত হতে পারে এবং সাধারণ মানুষের মতপ্রকাশের অধিকারেও বাধা আসতে পারে।
সোমবার (৩০ মার্চ) পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পশ্চিমে এক জনসভায় তিনি এসব কথা বলেন।
দিনভর তিনটি সভা করেন তিনি। প্রথম সভা ছিল পশ্চিম মেদিনীপুরের বেলদায়, এরপর পাঁশকুড়া পশ্চিমে এবং দিনের শেষ সভা করেন ডেবরা বিধানসভা কেন্দ্রে। প্রতিটি সভাতেই তিনি নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন এবং সংগঠনের কর্মী-সমর্থকদের সক্রিয় থাকার বার্তা দেন।
পাঁশকুড়ার সভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, একটি আসনও হারানো চলবে না। তার কথায়, একটি আসন হারালেই সেই এলাকায় বিজেপি এসে মানুষের জীবনযাত্রায় হস্তক্ষেপ করবে।
তিনি বলেন, প্রত্যেকটি আসন তার কাছে সমান গুরুত্বপূর্ণ। তাই ভোটের দিন প্রতিটি বুথে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বিশেষ করে মহিলাদের উদ্দেশে তিনি বলেন, ভোট পাহারা দেওয়ার দায়িত্ব নিতে হবে।
তিনি আরও বলেন, যদি তিনি যোদ্ধা হন, তাহলে রাজ্যের মায়েরা তার সহযোদ্ধা। পুরুষদের পেছনে থেকে সহযোগিতা করার কথা বললেও, সামনে থেকে লড়াইয়ের ডাক দেন মহিলাদের।
বিজেপিকে সতর্ক করে তিনি বলেন, বিপুল অর্থবল নিয়ে তারা নির্বাচনে নেমেছে। যারা নিজেরাই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত, তারাই আবার অন্যদের বিরুদ্ধে অভিযোগ তুলছে।
মমতা দাবি করেন, বাংলার স্বার্থ রক্ষা করতে হলে বর্তমান সরকারকে আবার ক্ষমতায় আনা প্রয়োজন। তার বক্তব্যে উঠে আসে, রাজ্যকে কেউ বিক্রি করতে পারে না এবং বাংলার স্বাতন্ত্র্য বজায় রাখা জরুরি।










