ইরানের চলমান যুদ্ধে যুক্তরাজ্য সরাসরি জড়াবে না বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তবে ব্রিটিশ স্বার্থ, নাগরিক এবং আঞ্চলিক মিত্রদের সুরক্ষায় প্রতিরক্ষামূলক পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।
সোমবার (১৫ মার্চ) এ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে কিয়ার স্টারমার বলেন, এটি তাদের যুদ্ধ নয় এবং যুক্তরাজ্য এ যুদ্ধে পা দেবে না। একইসঙ্গে তিনি জানান, হরমুজ প্রণালি পুনরায় চালু করতে মিত্রদের সঙ্গে কাজ করছে লন্ডন।
স্টারমার বলেন, ব্রিটিশ নাগরিকদের জীবন, ব্রিটিশ স্বার্থ এবং এ অঞ্চলে তাদের মিত্রদের সুরক্ষার জন্য যুক্তরাজ্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করছে। তার ভাষায়, তারা বৃহত্তর যুদ্ধে টেনে নেওয়া হতে চায় না, বরং পরিস্থিতির উত্তেজনা কমানোই এখন সবচেয়ে জরুরি।
তিনি আরও বলেন, হরমুজ প্রণালি পুনরায় চালু করা সহজ কাজ নয়। তবু নৌ-চলাচল স্বাভাবিক করতে এবং অর্থনৈতিক চাপ কমাতে ইউরোপীয় অংশীদারসহ মিত্রদের নিয়ে একটি কার্যকর যৌথ পরিকল্পনা তৈরির চেষ্টা চলছে।
তবে যুদ্ধ থেকে দূরে থাকার এই ঘোষণার মধ্যেও যুক্তরাজ্যের ভূমিকা পুরোপুরি সীমিত নয়। ব্রিটিশ সরকারের অনুমোদনে আমেরিকা ইরানি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলার জন্য ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহার করেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।
এছাড়া, ইরানি হামলা প্রতিহত করতে ব্রিটিশ যুদ্ধবিমান আকাশে সক্রিয় থাকার কথাও স্টারমার নিজেই বলেছেন। ব্রিটিশ সরকারের ভাষ্য অনুযায়ী, এসব তৎপরতা ছিল সমন্বিত আঞ্চলিক প্রতিরক্ষামূলক অভিযানের অংশ।
সূত্র : রয়টার্স ও আল জাজিরা










