ইরানের সঙ্গে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল-আমেরিকার চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধ এবং দ্রুত এই বিষয়ে শান্তি আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছে চীন ও পাকিস্তান।
মঙ্গলবার (৩১ মার্চ) বেইজিংয়ে চীন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়।
এতে বলা হয়, এক মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছে বেইজিং ও ইসলামাবাদ।
চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়া নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন বলে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা একমত হয়েছেন।
একই সঙ্গে হরমুজ প্রণালির জলসীমায় আটকে পড়া জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তারা। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফেরানোর লক্ষ্যে প্রকাশিত পাঁচ দফার যৌথ উদ্যোগে উভয় দেশ এ আহ্বান জানিয়েছে।
চীন ও পাকিস্তানের ৫ দফা উদ্যোগ
বেইজিংয়ে আলোচনার পর পারস্য উপসাগর ও ইরানে ‘শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের’ লক্ষ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার পাঁচ দফার একটি উদ্যোগ প্রকাশ করেছেন।
১. মধ্যপ্রাচ্যে ‘অবিলম্বে যুদ্ধ বন্ধ’ এবং সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে চীন ও পাকিস্তান।
২. ইরান ও উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দ্রুত শান্তি আলোচনা শুরু করা উচিত। উভয় দেশ বলেছে, এই আলোচনা শুরু করার উদ্যোগে সব পক্ষকে সমর্থন জানাবে চীন ও পাকিস্তান।
৩. বেসামরিক নাগরিক ও অসামরিক লক্ষ্যবস্তুতে হামলা অবশ্যই বন্ধ করতে হবে।
৪. হরমুজ প্রণালিতে নৌ-চলাচল নিরাপদ করতে হবে।
৫. জাতিসংঘ সনদের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি বিস্তৃত শান্তি কাঠামো প্রতিষ্ঠা করতে হবে।
সূত্র: আল জাজিরা










