ইরানে বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানের পাইলট ও ক্রুকে উদ্ধার করেছে আমেরিকা। তবে এ উদ্ধার অভিযানে অংশ নেওয়া দুটি পরিবহন বিমান খোয়াতে হয়েছে মার্কিনিদের।
রোববার (৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।
প্রতিবেদনে বলা হয়, বিধ্বস্ত যুদ্ধবিমান এফ-১৫ এর ক্রুকে উদ্ধারে ইরানে নেওয়া হয়েছিল দুটি পরিবহন বিমান। কিন্তু সেগুলো ইরানে আটকে যায়। এরপর ওই ক্রু ও কমান্ডোদের উদ্ধারে যায় আরও তিনটি পরিবহন বিমান।
যেহেতু ওই দুটি পরিবহন বিমান তারা আর উড়িয়ে নিয়ে আসতে পারছিল না। তাই সেগুলো সেখানেই ধ্বংস করে দেওয়া হয়, যেন বিমানগুলো ইরানিদের হাতে না পড়ে এবং তারা এগুলো ব্যবহার করতে না পারে।
ইরানের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, তাদের একটি দুর্গম অঞ্চলে অস্থায়ী রানওয়ে তৈরি করেছিল মার্কিন কমান্ডোরা। আর পরিবহন বিমানগুলো সেখানেই আটকা পড়েছিল।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, যুদ্ধবিমানের ক্রু উদ্ধার অভিযানে অংশ নিয়েছিল কয়েকশ সেনা। ওই ক্রু যুদ্ধবিমানটির ‘ওয়েপন সিস্টেম অফিসার’ ছিলেন। তাকে ইরান থেকে বের করে কুয়েতে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে।
সূত্র: নিউইয়র্ক টাইমস











