ইরানে সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে ইরানের সুপ্রিম সিকিউরিটি কাউন্সিল। তবে সতর্ক করে বলেছে, ইরানের হাত ‘বন্দুকের ট্রিগারেই রয়েছে।’
ইরানের সুপ্রিম সিকিউরিটি কাউন্সিল বলেন, ‘পুনরায় জোর দিয়ে বলা হচ্ছে যে, এর অর্থ যুদ্ধের সমাপ্তি নয় আমাদের হাত ট্রিগারের ওপরেই রয়েছে এবং শত্রুপক্ষের পক্ষ থেকে সামান্যতম ভুল হলেও তার জবাব পূর্ণ শক্তিতে দেওয়া হবে।’
বুধবার (৮ এপ্রিল) যুদ্ধবিরতি ঘোষণার পর প্রকাশিত এক বিবৃতিতে এ কথা বলা হয়।
ইরানের জনগণের আত্মত্যাগের জন্য ধন্যবাদ জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘এখন আমরা ইরানের মহান জাতিকে এই সুসংবাদ দিচ্ছি যে, যুদ্ধের প্রায় সকল লক্ষ্য অর্জিত হয়েছে এবং আপনাদের সাহসী সন্তানেরা শত্রুকে ঐতিহাসিক অসহায়ত্ব ও স্থায়ী পরাজয়ের মুখে ঠেলে দিয়েছে।’
তেহরান নিশ্চিত করেছে, আগামী ১০ এপ্রিল ইসলামাবাদে দু’পক্ষের আলোচনা অনুষ্ঠিত হবে এবং তা দুই সপ্তাহ ধরে চলবে।
একে রণক্ষেত্রে শত্রুর আত্মসমর্পণ আখ্যা দিয়ে ইরান বলেছে, যদি এই আলোচনায় যুদ্ধবিরতি একটি চূড়ান্ত রাজনৈতিক সাফল্যে পরিণত হয়, তবে তারা মহান ঐতিহাসিক বিজয় উদযাপন করবে। অন্যথায় তাদের সকল দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবে।
সূত্র: এনডিটিভি











