ইরানের ওপর থেকে বিভিন্ন নিষেধাজ্ঞা ও শুল্ক প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, ইরানকে ‘নিষেধাজ্ঞা ও ট্যারিফ থেকে মুক্তি’ দেওয়া হবে।
বুধবার (৮ এপ্রিল) তিনি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই ইঙ্গিত দিয়েছেন।
ট্রাম্প তার পোস্টে আরও উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের লক্ষ্যে আমেরিকার পক্ষ থেকে যে ১৫টি পয়েন্ট বা শর্ত প্রস্তাব করা হয়েছিল, তার মধ্যে অনেকগুলোতেই ইতোমধ্যেই উভয় পক্ষ একমত হয়েছে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই অবস্থান তেহরানের সঙ্গে ওয়াশিংটনের দীর্ঘদিনের বৈরী সম্পর্কের ক্ষেত্রে এক বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এর আগে নিজের প্রথম মেয়াদে ট্রাম্প ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণ করেছিলেন এবং পরমাণু চুক্তি থেকে সরে এসেছিলেন। তবে এবার তিনি আলোচনার মাধ্যমে সমাধানের পথে হাঁটছেন বলে ধারণা করা হচ্ছে।
ট্রাম্পের এই দাবি এবং মন্তব্যের বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তেহরান এই প্রস্তাবিত ১৫টি পয়েন্টের বিষয়ে বা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কী অবস্থান নেবে, সেটাই এখন দেখার বিষয়।
সূত্র: আল জাজিরা











