spot_img
spot_img

বান্দরবানে মাইনসহ বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করেছে বিজিবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে পৃথক অভিযানে আইইডি, অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকাজুড়ে জননিরাপত্তা জোরদার করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) ভোর পৌনে ৫টার দিকে সীমান্ত পিলার ৫৩ ও ৫৪-এর মধ্যবর্তী ছায়াপাড়া এলাকায় এসব সামগ্রী উদ্ধার করা হয়।

উদ্ধার করা সামগ্রীগুলো হলো, ৫টি অ্যান্টি-পারসোনেল মাইন, ৫টি আইইডি, ১টি ডেটোনেটর, ১টি সোলার প্যানেল, বিস্ফোরক তৈরির বিভিন্ন উপকরণ, মোবাইল ফোন ও পাওয়ার ব্যাংক এবং কিছু সিভিল পোশাক।

বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভোরে নাইক্ষ্যংছড়ি সীমান্ত সড়কের পিলার ৫৩ ও ৫৪-এর মধ্যবর্তী ছায়াপাড়া এলাকায় একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তিদের চলাচল করতে দেখা যায়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা ব্যাগ ফেলে গহিন পাহাড়ে পালিয়ে যায়।

বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানায়, একইভাবে, রাতে বাইশফাঁড়ী এলাকায় একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৩৭/২-এস-এর কাছে, বাংলাদেশ অভ্যন্তরের আমবাগান এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকানাবিহীন পরিত্যক্ত অবস্থায় দাহ্য পদার্থ উদ্ধার করা হয়। সেগুলো হলো, ৩ কেজি দাহ্য পদার্থ, মেপোক্স, নাইলন কাপড় ও দাহ্য রাসায়নিক তরল।

কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, উদ্ধার করা মাইন ও আইইডিগুলো তাৎক্ষণিকভাবে বালুর বস্তা দিয়ে নিরাপদ করা হয় এবং লাল পতাকা দিয়ে চিহ্নিত করা হয়েছে। জননিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল এলাকায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে এবং অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ