দীর্ঘ পাঁচ সপ্তাহের বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে ফিলিস্তিনি মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়েছে পবিত্র আল-আকসা মসজিদ।
শুক্রবার (১০ এপ্রিল) সেখানে প্রায় ১ লাখ মুসল্লি সমবেত হয়ে জুমার নামাজ আদায় করেন। আঞ্চলিক সংঘাত ও নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ির কারণে প্রায় ৪০ দিন পর এই প্রথম সেখানে নামাজের অনুমতি দেওয়া হলো।
এর আগে গত বুধবার ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি কর্তৃপক্ষ ঘোষণা করে যে, পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ এবং চার্চ অব দ্য হোলি সেপুলকার বৃহস্পতিবার সকাল থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।
শুক্রবার ভোরের আলো ফোটার আগেই আল-আকসা প্রাঙ্গণে ফিলিস্তিনিদের ঢল নামে। পুরুষ, নারী, শিশু ও বৃদ্ধদের উপস্থিতিতে মসজিদের চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। দীর্ঘদিনের অনুপস্থিতির পর আবারও আল-আকসায় ফিরে আসতে পেরে মুসল্লিদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
জুমার খুতবায় আল-আকসা মসজিদের খতিব শায়খ মুহাম্মদ সেলিম উপস্থিত মুসল্লিদের আল্লাহর হুকুম পালনে অবিচল থাকার আহ্বান জানান।
তিনি সতর্ক করে বলেন, সত্যের পথ থেকে বিচ্যুত হওয়া পুরো জাতির জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। একই সঙ্গে তিনি মুসল্লিদের জেরুজালেমের পুরোনো শহরের স্থানীয় দোকানপাট থেকে কেনাকাটার বিশেষ অনুরোধ জানান।
তিনি বলেন, দীর্ঘ অবরোধের কারণে এই এলাকার ব্যবসায়ীরা চরম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন এবং তাদের পাশে দাঁড়ানো ধর্মীয় ও মানবিক দায়িত্ব।
সূত্র: আল-জাজিরা











