গুরুত্বপূর্ণ বৈশ্বিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলো থেকে ইরানকে টোল তুলতে দেওয়া হবে না বলে আবারও সতর্কবার্তা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, এ ইস্যুতে আমেরিকার অবস্থান অনড়। জ্বালানি তেলের বৈশ্বিক বাণিজ্যের জন্য হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় এক পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়।
শুক্রবার (১০ এপ্রিল) ইরানের সঙ্গে নির্ধারিত সংলাপে যোগ দিতে পাকিস্তানের উদ্দেশে রওনা হয় আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধি দল। এ সময় ট্রাম্পও সেখানে উপস্থিত ছিলেন এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মার্কিন প্রতিনিধি দলের বিমানটি ছেড়ে যাওয়ার পর বিমানঘাঁটিতে উপস্থিত সাংবাদিকরা হরমুজ প্রণালিতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলো থেকে ইরানের টোল আদায় নিয়ে প্রশ্ন করেন। জবাবে ট্রাম্প বলেন, “না, আমরা এমনটা হতে দেব না। এটি একটি আন্তর্জাতিক জলপথ। আমরা কখনোই এমনটা হতে দেব না।”
সূত্র: এএফপি











