spot_img
spot_img

হরমুজ প্রণালি অবরুদ্ধের নির্দেশ ট্রাম্পের, ইরানকে টোল দেওয়া জাহাজ আটকানো হবে

গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর নির্দেশ অনুযায়ী, আমেরিকার নৌবাহিনী এ মুহূর্ত থেকে হরমুজ প্রণালি অবরুদ্ধ করবে। যেসব জাহাজ হরমুজ পার হতে ইরানকে টোল দিয়েছে, সেসব জাহাজ শক্তি প্রয়োগ করে আটকানো হবে বলে হুমকি দিয়েছেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, ইরানকে টোল দেওয়া জাহাজকে আন্তর্জাতিক জলসীমায় চলতে দেওয়া হবে না।

রোববার (১২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ নিয়ে দীর্ঘ পোস্ট করেন ট্রাম্প।

তিনি লিখেছেন, এ মুহূর্ত থেকে কার্যকর, আমেরিকার নৌবাহিনী হরমুজ দিয়ে প্রবেশ ও বের হওয়া সব জাহাজকে অবরুদ্ধ করবে। আমরা চাই, ‘সব জাহাজ প্রবেশ এবং সব জাহাজ বের হওয়া’ নিশ্চিত হোক। কিন্তু ইরান এটি হতে দেয়নি, সেখানে মাইন থাকার কথা বলে।

তিনি দাবি করেন, হরমুজের কোন জায়গায় মাইন আছে, সেটি ইরানিদের ছাড়া আর কেউ জানে না। এটি বিশ্ব চাঁদাবাজি। আর বিশ্বের, বিশেষ করে আমেরিকার নেতারা এ ধরনের চাঁদাবাজির শিকার হবে না।

“ইরানিরা হরমুজে যেসব মাইন স্থাপন করেছে, আমরা সেগুলো ধ্বংস করব। ইরানের যেসব জাহাজ আমাদের বা সাধারণ জাহাজের দিকে গুলি ছুড়বে, তাদের নরকে পাঠানো হবে।”

ট্রাম্প আরও লিখেছেন, “এই পরিস্থিতির অবসান কীভাবে ঘটানো যায়, সেটি ইরান ভালোভাবে জানে। শুধুমাত্র পারমাণবিক কার্যক্রমের কারণে তাদের নৌবাহিনী ও বিমানবাহিনী ধ্বংস হয়ে গেছে। তাদের বিমানবিধ্বংসী রাডারগুলো অকার্যকর, খোমেনিসহ অন্যান্য নেতারা নিহত হয়েছে।”

তিনি বলেন, “হরমুজ অবরোধ অল্প সময়ের মধ্যেই শুরু হবে। অন্যান্য দেশও এতে যুক্ত হবে। ইরানকে অবৈধভাবে অর্থ আদায়ের মাধ্যমে লাভবান হতে দেওয়া হবে না। তারা অর্থ চায়, সঙ্গে পারমাণবিক অস্ত্র। ইরানে আরও যা কিছু অবশিষ্ট আছে, সেগুলো আমরা যথাযথ সময়ে ধ্বংস করব। আমরা সেভাবেই প্রস্তুত হয়েছি।”

spot_img
spot_img
spot_img

সর্বশেষ