ইরানের সব বন্দর অবরোধের ঘোষণা দিয়েছে আমেরিকা।
সোমবার (১৩ এপ্রিল) থেকে এই অবরোধ কার্যকর হবে বলে জানিয়েছে আমেরিকা। এর আগে হরমুজ প্রণালিতে নৌ-অবরোধ জারির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (১২ এপ্রিল) এক বিবৃতিতে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, সোমবার থেকে ইরানের বন্দরগুলোতে প্রবেশ ও প্রস্থানের চেষ্টা করা সব জাহাজের ওপর এই অবরোধ প্রযোজ্য হবে। এতে উপসাগর এবং ওমান উপসাগরসহ ইরানের উপকূলীয় এলাকায় যাতায়াতকারী সব দেশের জাহাজ অন্তর্ভুক্ত থাকবে।
তবে সেন্টকম জানিয়েছে, ইরান ছাড়া অন্য দেশের বন্দরসমূহে যাতায়াতকারী জাহাজগুলোর জন্য হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের স্বাধীনতা ব্যাহত করা হবে না।
মার্কিন অবরোধের হুমকির পর আমেরিকার অপরিশোধিত তেলের দাম ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৪ দশমিক ২৪ ডলারে দাঁড়ায়। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দামও ৭ শতাংশ বেড়ে ১০২ দশমিক ২৯ ডলারে পৌঁছায়।











