কোনো দেশই ইরানের ওপর হামলার সাহস দেখাবে না বলে মন্তব্য করেছেন তেহরানের অন্তর্বর্তীকালীন জুমার নামাজের খতিব আয়াতুল্লাহ আহমাদ খাতামি। একই সঙ্গে তিনি আমেরিকাকে বিশ্বাস না করার আহ্বান জানান।
তিনি বলেন, বিশ্বনেতাদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মিথ্যাচারে অভ্যস্ত আর কেউ নেই। ট্রাম্প নিয়মিত অসংখ্য বার্তা প্রকাশ করেন এবং হাজারো মিথ্যা বক্তব্য দিয়েছেন। তাই এমন ব্যক্তির বিষয়ে সর্বোচ্চ সতর্ক ও নিরাশাবাদী দৃষ্টিভঙ্গি রাখা উচিত। অপমানজনক শর্তে কোনো আলোচনা ইরানের জনগণ মেনে নেবে না।
শুক্রবার (১৭ এপ্রিল) তেহরানে জুমার নামাজের খুতবায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কেউ যদি হামলার চেষ্টা করে, তাতে কোনো ফল হবে না। ইসলামী বিপ্লব টিকে থাকবে।
সম্প্রতি পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় ইরানি প্রতিনিধিদের ভূয়সী প্রশংসাও করেন তিনি। তিনি বলেন, আমেরিকা অতিরিক্ত দাবি তোলার সঙ্গে সঙ্গেই ইরানি প্রতিনিধিরা আলোচনা টেবিল ছেড়ে উঠে আসেন।
খাতামির ভাষায়, ওয়াশিংটন যুদ্ধক্ষেত্রে যা অর্জন করতে পারেনি, তা আলোচনার টেবিলে আদায় করতে চায়।
প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বক্তব্যের উল্লেখ করে তিনি বলেন, শত্রুর হাসিকেও বিশ্বাস করা উচিত নয়, বিশেষ করে ট্রাম্পের মতো ব্যক্তির ক্ষেত্রে।
সূত্র: তাসনিম নিউজ











