ইরানের বন্দরগুলোতে আমেরিকার অবরোধকে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন এবং ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
তিনি বলেন, ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় আমেরিকার এই তথাকথিত অবরোধ কেবল যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘনই নয়, বরং এটি সম্পূর্ণ অবৈধ ও অপরাধমূলক কর্মকাণ্ড। এই চুক্তি পাকিস্তানের মধ্যস্থতায় সম্পন্ন হয়েছে বলে উল্লেখ করা হয়।
রোববার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে আমেরিকার এই পদক্ষেপের তীব্র নিন্দা জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে বাঘাই উল্লেখ করেন, এই অবরোধ জাতিসংঘ সনদের পরিপন্থী এবং এটি একটি সুস্পষ্ট আগ্রাসন। তাঁর মতে, আমেরিকা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের ওপর যে বিধিনিষেধ চাপিয়ে দিচ্ছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, এই অবরোধের মাধ্যমে সাধারণ ইরানি জনগণের ওপর সম্মিলিত শাস্তি চাপিয়ে দেওয়া হচ্ছে, যা আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে।
বাঘাইয়ের এই বক্তব্যের পর দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে, যা মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: দ্য গার্ডিয়ান











