spot_img
spot_img

মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

ঝিনাইদহের মহেশপুরের যাদবপুর সীমান্তে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার (১৯ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার যাদবপুর বিওপির বিপরীতে ভারতের পারগোপালপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। সীমান্ত পিলার ৪৯/২-এস-এর নিকটবর্তী ভারতের ভেতরে টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করে।

আটককৃতরা হলেন, মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের হায়াত আলীর ছেলে হৃদয় (রাব্বী), গোপালপুর গ্রামের মৃত উসমান গনির ছেলে শাহিন এবং আবু বকরের ছেলে সোহাগ।

জানা যায়, মোট পাঁচজন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে রোববার বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এ সময় তাদের বিএসএফ ধাওয়া দিলে তিনজন ধরা পড়ে। দুইজন পালিয়ে যান। পালিয়ে যাওয়া দুইজনের বিষয়ে বিএসএফের ৯৯ ব্যাটালিয়নের জিজ্ঞাসাবাদে আটক তিনজন স্বীকার করেছে বলে জানা যায়।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, তিন বাংলাদেশি আটকের বিষয়ে বিএসএফ ৯৯ ব্যাটালিয়ন ও বিজিবি ৫৮ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে যোগাযোগ হয়েছে। আটকরা বিএসএফের হেফাজতে সুস্থ আছেন।

বিএসএফ ৯৯ ব্যাটালিয়নের অধীনস্থ মধুপুর বিওপির দাবি, আটক তিন বাংলাদেশিকে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে মাদকসহ আটক করা হয়েছে।

৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, তিন বাংলাদেশি আটকের বিষয়টি শুনেছি। সীমান্তের জিরো লাইনের ১৫০ গজ ভেতরে ভারতের অভ্যন্তরে বিএসএফের হাতে তারা আটক হয়েছে বলে বিএসএফ সূত্র থেকে আমরা জানতে পেরেছি। এ বিষয়ে আমরা খোঁজখবর রাখছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ