‘মঙ্গলবার পাকিস্তানে আমেরিকা ও ইরানের প্রতিনিধিদের মধ্যে চুক্তি হবে’ নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এমন দাবি করলেও ইরান এখন পর্যন্ত ইসলামাবাদে কোনো প্রতিনিধি দল পাঠায়নি।
মঙ্গলবার (২১ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইরনা এ তথ্য নিশ্চিত করেছে।
নিজেদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক বার্তায় ইরনা জানিয়েছে, “এখন পর্যন্ত ইরান থেকে কোনো প্রতিনিধি দল ইসলামাবাদে যায়নি। কোনো উচ্চপর্যায়ের, মাঝারি পর্যায়ের কিংবা পূর্ববর্তী বৈঠকের কোনো ফলোআপ দল সেখানে যায়নি।”
বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক গণমাধ্যমে ইরানের প্রতিনিধি দলের ইসলামাবাদে রওনা হওয়া, পৌঁছানো বা সম্ভাব্য আগমনের তারিখসংক্রান্ত যেসব খবর প্রকাশ হয়েছে, সেসবকে ‘গুজব’ বলা হয়েছে ইরনার পোস্টে।
সেই সঙ্গে আমেরিকার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের ইস্যুতে নিজেদের পুরোনো অবস্থানই পুনর্ব্যক্ত করেছে ইরান। বলা হয়েছে, ইরান কোনো চাপের মুখে আত্মসমর্পণ করবে না।
সূত্র: বিবিসি











