সরকার ১১ দলীয় ঐক্যজোটের ৮ দফা দাবি মেনে না নিলে তা এক দফার আন্দোলনে পরিণত হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, আজ ৮ দফা, কাল ৯ দফা, পরে ১০ দফা, পরে হবে ১ দফা। সরকারকে সময় দেওয়া হচ্ছে এবং তাদের শুভবুদ্ধির উদয় হবে বলে আশা করি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাইবান্ধার পলাশবাড়ীর চৌমাথায় ঢাকা-রংপুর মহাসড়কের পথসভায় তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ১১ দলীয় ঐক্যজোটের এই লংমার্চ কোনো দলের কর্মসূচি নয়, এটি দেশের ১৮ কোটি মানুষের দাবি আদায়ের কর্মসূচি। গণভোটের গণরায় বাস্তবায়ন করা হলে এই লংমার্চের প্রয়োজন হতো না।
তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, মানুষের নিরাপত্তা নিশ্চিত, বিদ্যুৎ সরবরাহ এবং ন্যায্য মূল্যে পর্যাপ্ত সার নিশ্চিত করা হলে এই লংমার্চ করার প্রয়োজন হতো না।
তিনি আরও বলেন, সরকার যদি তাদের দাবিগুলো মেনে নেয়, তাহলে লংমার্চের প্রয়োজন হবে না। তবে দাবি আদায় না হলে ঢাকায় বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। এ জন্য নারী-পুরুষসহ সারাদেশের মুক্তিকামী মানুষকে প্রস্তুত থাকার আহ্বান জানাই।
লংমার্চে গাজীপুরের ভোগরা বাইপাস, টাঙ্গাইলের নগর জলফৈ বাইপাস, সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়, বগুড়ার মাটিডালি বিমান মোড় এবং গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা অনুষ্ঠিত হয়।











