সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আগুন ও ঘন কালো ধোঁয়া দেখা গেছে। এর আগে রাজধানী ও আশপাশের এলাকায় সম্ভাব্য বিমান হামলার সতর্কতা জারি করেছিল দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। তবে বিমানবন্দরের কাছে আগুন লাগার কারণ কিংবা সেখানে হামলা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
রয়টার্সের ধারণ করা ভিডিও ও ছবিতে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় আকাশের দিকে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। ছবিতে বিমানবন্দরে যাওয়ার মহাসড়ক, প্রধান টার্মিনাল ভবন ও অন্যান্য স্থাপনাও দেখা গেছে। ভিডিওর একপর্যায়ে জ্বালানি সংরক্ষণের ট্যাংক বলে মনে হওয়া কয়েকটি স্থাপনার পেছন থেকে আগুনের শিখা উঠতে দেখা যায়।
আগুন ও ধোঁয়ার বিষয়ে সৌদি সরকারের গণমাধ্যম দপ্তরের কাছে জানতে চেয়েছিল রয়টার্স। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে শুক্রবার দিবাগত রাতে রিয়াদ এবং রাজধানীর পূর্বদিকে অবস্থিত আল-খারজ শহরের বাসিন্দাদের মুঠোফোনে সম্ভাব্য বিমান হামলার বিপদ সম্পর্কে সতর্কবার্তা পাঠায় সৌদি সিভিল ডিফেন্স। রিয়াদের ওলায়া এলাকায় অবস্থানরত রয়টার্সের একজন সাংবাদিকও বিস্ফোরণের মতো শব্দ শুনেছেন বলে জানিয়েছেন।
পরে শনিবার সকালে বিপদ কেটে যাওয়ার ঘোষণা দেয় সৌদি কর্তৃপক্ষ। তবে সতর্কবার্তার সঙ্গে বিমানবন্দরের কাছের আগুনের সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত করা হয়নি।
সূত্র : রয়টার্স











