spot_img
spot_img

আমেরিকার প্রতিনিধি দল আসার আগেই পাকিস্তান ছাড়লেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আমেরিকার প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছানোর আগেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বাধীন প্রতিনিধি দল পাকিস্তান সফর শেষ করে দেশটি ত্যাগ করেছে।

শনিবার (২৫ এপ্রিল) ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সেনাপ্রধান ও ফিল্ড মার্শাল অসীম মুনিরসহ উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক শেষে তারা ইরানের উদ্দেশে রওনা হন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, আব্বাস আরাঘচির সঙ্গে তার ফলপ্রসূ বৈঠক হয়েছে।

তিনি বলেন, বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে উষ্ণ ও আন্তরিক মতবিনিময় হয়েছে। পাশাপাশি পাকিস্তান-ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

এর আগে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার বলেন, শাহবাজ শরিফ ও আব্বাস আরাঘচির বৈঠক প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয়।

তিনি বলেন, এ অঞ্চল এবং এর বাইরের শান্তি ও স্থিতিশীলতার জন্য সংলাপ ও কূটনীতির গুরুত্বের ওপর জোর দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

অন্যদিকে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট শুক্রবার বলেন, আমেরিকার প্রতিনিধিদল শনিবার পাকিস্তানে পৌঁছাবে। প্রতিনিধি দলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকভ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার থাকবেন।

তেহরান জানিয়েছে, ত্রিদেশীয় আঞ্চলিক সফরের অংশ হিসেবে আব্বাস আরাঘচি ইসলামাবাদ সফর করেন। আমেরিকার প্রতিনিধিদের সঙ্গে তার সরাসরি দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা নেই।

সূত্র: বিবিসি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ