spot_img
spot_img

আমেরিকার হুমকি ও চাপের মুখে কোনো আলোচনায় অংশ নেবো না: ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, আমেরিকার হুমকি ও চাপের মুখে তেহরান কোনো জোরপূর্বক আলোচনায় অংশ নেবে না।

রবিবার (২৬ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাথে এক ফোনালাপে পেজেশকিয়ান বলেন, আমেরিকার বর্তমান পদক্ষেপ চলমান আলোচনার প্রতি আস্থাকে ক্ষুণ্ন করছে এবং তা কূটনৈতিক সমাধানের পথ আরও জটিল করে তুলছে।

তিনি বলেন, ওয়াশিংটনের শত্রুতামূলক পদক্ষেপ ও চাপ অব্যাহত থাকলে ইরানের অবস্থান আরও কঠোর হবে।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, সমস্যার সমাধানে অগ্রসর হতে হলে আমেরিকাকে আগে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে হবে। এর মধ্যে ইরানের বন্দরগামী এবং বন্দর থেকে আসা জাহাজের ওপর আরোপিত অবরোধ প্রত্যাহারের বিষয়টিও অন্তর্ভুক্ত।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, শাহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্টকে আশ্বস্ত করেছেন যে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় ইসলামাবাদ আন্তরিকভাবে কাজ করে যাবে।

এক্সে দেওয়া এক পোস্টে শাহবাজ শরিফ বলেন, যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ইসলামাবাদে পাঠানোর সিদ্ধান্তকে তিনি স্বাগত জানিয়েছেন।

সূত্র: ইউএনবি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ