ইরানের কৌশলগত চাবাহার বন্দর উন্নয়ন নিয়ে ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে সমানতালে আলোচনা চালিয়ে যাচ্ছে নয়া দিল্লি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে এই বন্দর প্রকল্পের ভবিষ্যৎ আরও জটিল হয়ে উঠেছে।
সোমবার (২৭ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, চাবাহার বন্দরের উন্নয়ন নিয়ে ভারত এখন ইরান ও আমেরিকা, দুই দেশের সঙ্গেই আলোচনা চালিয়ে যাচ্ছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়, প্রকল্পটির ভবিষ্যৎ এখন কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে রয়েছে।
চাবাহার বন্দর নিয়ে ভারতের দীর্ঘদিনের বিনিয়োগ রয়েছে। ২০১৬ সালের মে মাসে ভারত ও ইরান এ বন্দর উন্নয়নে একটি সমঝোতা স্মারক সই করে। তবে ২০১২ সাল থেকেই আমেরিকা এই প্রকল্পের ওপর বিধিনিষেধ আরোপ করে রেখেছে।











