ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হরমুজ প্রণালীর চলমান উত্তেজনা ও অবরোধ পরিস্থিতির জন্য আমেরিকা ও ইসরাইলকে দায়ী করেছেন। তিনি আবারও শত্রুভাবাপন্ন দেশগুলোকে এই গুরুত্বপূর্ণ জলপথ থেকে দূরে রাখার নীতির পক্ষে অবস্থান জানান।
জাতীয় পারস্য উপসাগর দিবস উপলক্ষে রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বার্তায় তিনি বলেন, হরমুজ প্রণালী ইরানি জাতির “প্রতিরোধের প্রতীক”।
তিনি আরও দাবি করেন, এই জলপথে যেকোনো ধরনের নিরাপত্তাহীনতার জন্য দায়ী থাকবে যুক্তরাষ্ট্র এবং ইসরাইল—যাকে তিনি “জায়নিস্ট শাসন” হিসেবে উল্লেখ করেন।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালী নিয়ে এই ধরনের রাজনৈতিক বক্তব্য মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়াতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।











