আমেরিকার নৌবাহিনীর অবরোধ এড়িয়ে ১৯ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল নিয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে ইরানের একটি বিশাল তেলবাহী জাহাজ (ভিএলসিসি)।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স বার্তায় এ তথ্য জানিয়েছে জাহাজ পর্যবেক্ষণকারী সংস্থা ট্র্যাকার্স ডটকম।
সংস্থাটি জানায়, ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির মালিকানাধীন ‘হিউজ’ নামের এই জাহাজে থাকা তেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ কোটি মার্কিন ডলার। জাহাজটি সর্বশেষ এক সপ্তাহ আগে শ্রীলঙ্কা উপকূলে দেখা গিয়েছিল। বর্তমানে এটি ইন্দোনেশিয়ার লম্বক প্রণালি হয়ে রিয়াউ দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে।
ট্র্যাকার্স ডটকমের প্রতিবেদন অনুযায়ী, গত ১৩ এপ্রিল যখন মার্কিন নৌবাহিনী ইরানি বন্দরে অবরোধের ঘোষণা দেয়, তখন জাহাজটি ইরানের জলসীমায় ছিল। গত ২০ মার্চ মালাক্কা প্রণালি থেকে ইরানের উদ্দেশে রওনা হওয়ার পর থেকে জাহাজটির অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) বা স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রাখা হয়েছে।
সূত্র: আল জাজিরা











