spot_img
spot_img

আমেরিকার সঙ্গে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে ১৪ দফা প্রস্তাব দিল ইরান

আমেরিকার সঙ্গে অমীমাংসিত সব ইস্যু আগামী ৩০ দিনের মধ্যে সমাধানের আহ্বান জানিয়ে নতুন ১৪ দফা প্রস্তাব দিয়েছে ইরান। পাকিস্তানের মাধ্যমে আমেরিকার কাছে দেওয়া এই প্রস্তাবের মূল লক্ষ্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নয়, বরং যুদ্ধের স্থায়ী অবসান ঘটানো বলে জানিয়েছে ইরান।

রোববার (৩ মে) সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা নূর নিউজ বলেছে, আমেরিকার ৯ দফা পরিকল্পনার পাল্টা জবাব হিসেবে ইরান এই ১৪ দফা প্রস্তাব দিয়েছে।

প্রস্তাবে ইরানের ওপর থেকে আমেরিকার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নৌ-অবরোধের অবসান, মধ্যপ্রাচ্য থেকে আমেরিকান সেনা প্রত্যাহার এবং লেবাননে ইসরাইলি যুদ্ধসহ সব ধরনের শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধের দাবি জানানো হয়েছে।

ইরানের নতুন প্রস্তাবের দ্বিতীয় ধাপে বলা হয়েছে, নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর ইরান ‘শূন্য-মজুদ নীতি’ অনুসরণ করে আবার ৩ দশমিক ৬ শতাংশ হারে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করবে।

পরিকল্পনায় বলা হয়েছে, ইরান ও তার মিত্রদের ওপর হামলা চালানো থেকে আমেরিকা ও ইসরাইলকে বিরত থাকতে হবে। বিনিময়ে ইরানও কোনো ধরনের হামলা চালাবে না।

প্রস্তাবে ইরানের পারমাণবিক অবকাঠামো ভেঙে ফেলা বা দেশটির স্থাপনাগুলো ধ্বংস করার বিষয়টি প্রত্যাখ্যান করা হয়েছে।

নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যে জব্দকৃত অর্থ পর্যায়ক্রমে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে।

তৃতীয় ধাপে আরব প্রতিবেশী ও এ অঞ্চলের দেশগুলোর সঙ্গে কৌশলগত সংলাপে বসার প্রস্তাব দিয়েছে তেহরান। এর লক্ষ্য হবে পুরো মধ্যপ্রাচ্যকে অন্তর্ভুক্ত করে একটি নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা।

সূত্র: আল-জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ