পারস্য উপসাগরীয় দেশগুলোকে বিজাতীয় শক্তির ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজস্ব আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
তিনি বলেন, বাইরের দেশগুলো থেকে নিরাপত্তা ধার করার প্রবণতা বন্ধ করা জরুরি। মধ্যপ্রাচ্যে আমেরিকার অবস্থান নিরাপত্তার পরিবর্তে অস্থিরতাকেই উসকে দিচ্ছে।
সোমবার (৪ মে) প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, ওয়াশিংটন উপসাগরীয় দেশগুলোর সামরিক সরঞ্জাম ও লজিস্টিক সহায়তা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে উস্কানিমূলক ও আগ্রাসী তৎপরতা চালাচ্ছে।
বাঘাই বলেন, ইরানের কোনো প্রতিবেশী রাষ্ট্রের প্রতি শত্রুতা নেই। তবে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ অঞ্চলের তেল শোধনাগারসহ বিভিন্ন স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আত্মরক্ষামূলক পদক্ষেপ। আমেরিকা ও ইসরাইলের আগ্রাসন থেকে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতেই ইরান এসব লক্ষ্যবস্তুতে আঘাত হানতে বাধ্য হয়েছে।
সূত্র: আল-জাজিরা।











