জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন হত্যা মামলায় নিরপরাধ ব্যক্তি যেন হয়রানি শিকার না হয় সে বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের শেষ দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সালাউদ্দিন আহমেদ বলেন, আগস্টের পরে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সংশ্লিষ্ট বেশ কিছু মামলা হয়েছে যেগুলো গণহত্যার মামলা। জেলা প্রশাসকদের কাছে এসব মামলার তালিকা চাওয়া হয়েছে। এগুলো যাচাই করে প্রকৃত আসামি কারা তা দেখা হবে। যারা নিরপরাধ তারা আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পাবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জেলা ওয়ারি কতগুলো মামলা দাখিল হয়েছে। যেমন-রিমোর্ট জেলাগুলোতে হয়তো কম কিন্তু মহানগরে মূলত সংখ্যা একটু বেশি। এগুলো আমরা যাচাই-বাছাই করে দেখব এতে প্রকৃত আসামি কারা।
তিন বলেন, আওয়ামী ফ্যাসিবাদের সময় বিএনপি’র নেতাকর্মীর বিরুদ্ধে যেসব হাজার হাজার মামলা হয়েছিল সেগুলো প্রত্যাহার করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজনৈতিক বিবেচনায় বা হয়রানীমূলক উদ্দেশ্য প্রণোদিত মামলা দায়ের করা হয়েছিল সেই মামলাগুলোর বিষয়ে আমরা অন্তর্বর্তী সরকারকে চিঠি দিয়েছিলাম। সে সময় কিছু মামলা প্রত্যাহার করা হয়েছিল আর কিছু মামলা প্রত্যাহার করা হয়নি।
তিনি আরও বলেন, এই মামলাগুলো প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসবে। আমরা কোনো আইনি ব্যবস্থা তাৎক্ষণিকভাবে নেবো না। এটা মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠাবো। সেখানে আইনমন্ত্রীর সভাপতিত্বে একটা কমিটি আছে ভেটিং করে যদি মামলা প্রত্যাহারের জন্য উপযুক্ত মনে করেন, তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠালে আমরা সিআরপিসি অনুসারে সেগুলো প্রত্যাহারের ব্যবস্থা নেব।











