১১ দলীয় ঐক্য মনোনীত সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য প্রকৌশলী মাহবুবা হাকিম বলেছেন, বাংলাদেশের ইতিহাসে ২০১৩ সালে শাপলা চত্বরে ফ্যাসিস্ট সরকার যে গণহত্যা চালিয়েছে, তা যেন দ্বিতীয়বার বাংলাদেশের মানুষ না দেখে এটাই আমাদের কামনা। আমাদের সেই সমস্ত শহীদদেরকে এবং তাদের সেই চেতনা, প্রেরণাকে জিইয়ে রাখার জন্য এ সমস্ত আয়োজন আরো অনেক বেশি হওয়া দরকার। আপনাদের এই আয়োজন শাপলাকে জিইয়ে রাখার প্রথম ধাপ আমি মনে করি।
বুধবার (৬ মে) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত অডিটোরিয়ামে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস আয়োজিত দুই দিনব্যাপী ‘শাপলা শহীদচিত্র’ চিত্রপ্রদর্শনীর সমাপনী দিনে পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
২০১৩ এর ৫ মে সংগঠিত শাপলা গণহত্যার স্মরণে ‘শাপলা শহীদচিত্র: অদেখা সত্যের ফ্রেম’ এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক মনযূর আহমাদ, জাগপা মুখপাত্র রাশেদ প্রধানসহ বাংলাদেশ খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতা এবং শাপলার শহীদ পরিবার ও আহতরা।
এছাড়াও প্রদর্শনী পরিদর্শন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, ডাকসু ভিপি সাদিক কায়েম, ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের প্রমুখ।











