সৌদি আরব ইস্যুতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইরানকে উদ্দেশ করে কড়া বার্তা দিয়েছেন।
তিনি বলেন, সৌদি আরবের সমর্থনে পাকিস্তান বড় ধরনের ত্যাগ স্বীকার করেছে এবং রিয়াদের প্রতি ইসলামাবাদের অঙ্গীকারকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া উচিত নয়।
বৃহস্পতিবার (৭ মে) ইসলামাবাদের অনুষ্ঠিত পয়গামে ইসলাম সম্মেলনে তিনি এ কথা বলেন।
ইসহাক দার রিয়াদ-ইসলামাবাদ প্রতিরক্ষা চুক্তিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করে বলেন, বাহ্যিক যেকোনো হুমকির ক্ষেত্রে সৌদি আরবকে ‘নো-গো জোন’ হিসেবে দেখা হবে।
উপসাগরীয় দেশগুলোতে মার্কিন স্থাপনাগুলোতে সাম্প্রতিক ইরানি হামলার প্রসঙ্গ তুলেরন পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরাইল ইরানের ওপর হামলা চালালেও তেহরান পাল্টা প্রতিক্রিয়ায় ইসলামি দেশগুলোকে লক্ষ্যবস্তু করেছে।
বিশ্লেষকদের মতে, চলমান অর্থনৈতিক সংকট পাকিস্তানকে পশ্চিমা ও আরব দেশগুলোর কাছ থেকে আর্থিক ছাড় আদায়ের পথ খুঁজতে বাধ্য করছে। এ কারণে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ইসলামাবাদকে অত্যন্ত সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখতে হচ্ছে।
সূত্র: হুরিয়াত রেডিও











