spot_img
spot_img

ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না কাউকে

পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) নেতারা বলেছে, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করা হচ্ছে না। ইচ্ছাকৃতভাবে নানা বাধা সৃষ্টি করে তাকে দলীয় নেতা, আইনজীবী ও পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (৭ মে) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করতে যান খুররম ভির্ক, নাসিম আলী শাহ, জাহির শাহ, রাজাব আব্বাসি, জার আলম ও রুবিনা শাহিনসহ পিটিআই নেতারা। তবে সাক্ষাতের সময় শেষ হওয়া পর্যন্ত তাদের ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।

পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলে পিটিআই নেতা জাহির শাহ বলেন, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি ইমরান খানের মুক্তির দাবিতে আন্দোলনের চূড়ান্ত ধাপের প্রস্তুতির ঘোষণা দিয়েছেন। দলীয় প্রধানের নির্দেশনা পেলেই আন্দোলন আরও জোরদার করা হবে।

পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্য সম্পাদক শেখ ওয়াকাস আকরাম বলেন, গভীর রাতে হঠাৎ করে বুশরা বিবিকে গোপনে হাসপাতালে নেওয়া হয়। পরে পরিবার, আইনজীবী বা দলকে কিছু না জানিয়েই তাকে আবার কারাগারে ফিরিয়ে আনা হয়।

এদিকে পাকিস্তান সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কারাগারে থাকা ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির চিকিৎসা ও অন্যান্য সুবিধা যথাযথভাবে নিশ্চিত করা হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ