আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে আগামী সপ্তাহেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পুনরায় আলোচনা শুরু হতে পারে বলে উল্লেখ করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।
শনিবার (৯ মে) ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের বরাতে এ তথ্য প্রকাশ করেছে মিডল ইস্ট আই।
প্রতিবেদনে বলা হয়, দুই পক্ষ মধ্যস্থতাকারীদের সহায়তায় ১৪ দফা সমঝোতা স্মারক চূড়ান্ত করার চেষ্টা করছে। এই সমঝোতাকে ভিত্তি করে এক মাসব্যাপী আলোচনা চালিয়ে যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
খসড়া প্রস্তাবে ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালি অঞ্চলে উত্তেজনা কমানো এবং ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অন্য কোনো দেশে স্থানান্তরের সম্ভাবনা নিয়ে আলোচনার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
তবে এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ মতপার্থক্য রয়ে গেছে। বিশেষ করে নিষেধাজ্ঞা শিথিলের পরিধি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ অব্যাহত আছে।
সূত্র: মিডল ইস্ট আই











