গরুকে জাতীয় পশু ঘোষণা করার দাবি প্রসঙ্গে ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, গরু তাদের কাছে কোনো পশু নয়, বরং মা। তিনি বলেন, গরুর সঙ্গে তাদের সম্পর্ক জন্ম-জন্মান্তরের।
রোববার (২৭ সেপ্টেম্বর) লক্ষ্ণৌতে বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) সাবেক নেতা অশোক সিঙ্ঘলের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
যোগী আদিত্যনাথ বলেন, সম্প্রতি অনেকেই গরুকে জাতীয় পশু ঘোষণা করার কথা বলছেন। কিন্তু তাদের কাছে গরু মা এবং গরুর সঙ্গে তাদের সম্পর্ক জন্ম-জন্মান্তরের। তাই গরুকে আলাদাভাবে জাতীয় পশু হিসেবে ঘোষণা করার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
তিনি বলেন, গরুকে যারা মা হিসেবে শ্রদ্ধা করেন, তাদের কাছে গরু শুধু কোনো পশু নয়। এ সময় গরু সংরক্ষণ ও পালনের ওপরও গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে গো-সংরক্ষণ কার্যক্রমের কথাও তুলে ধরেন। তিনি বলেন, ২০১৭ সালের পর রাজ্যে ৭ হাজার ৭০০টির বেশি গোশালা তৈরি করা হয়েছে এবং সেখানে ১৬ লাখের বেশি গরু রাখা হয়েছে। গরু সংরক্ষণের জন্য প্রতিটি গরুর পেছনে মাসে ১ হাজার ৫০০ রুপি করে দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
অশোক সিঙ্ঘলের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে তার জীবন ও রাম জন্মভূমি আন্দোলনে ভূমিকার কথাও তুলে ধরেন যোগী আদিত্যনাথ। অশোক সিঙ্ঘল ১৯২৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। ২০২৬ সালে তার জন্মের ১০০ বছর পূর্ণ হয়েছে।
সূত্র: মানিকন্ট্রোল, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, জাগরণ











