বৃহস্পতিবার (৭ মে) ভারতের কেরালার পালারুভি এক্সপ্রেসে দাদার সঙ্গে ভ্রমণকালে ছয় বছর বয়সি এক মেয়ে শিশুকে ধর্ষণ করেছে ৪০ বছর বয়সি এক ব্যক্তি। অতঃপর শুক্রবার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৯ মে) কোল্লামের বাসিন্দা ওই অভিযুক্তকে ১৫ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
কেরালার রেলওয়ে পুলিশ বলেছে, বৃহস্পতিবার ভোরে ট্রেনটি যখন কেরালা থেকে তামিলনাড়ুর দিকে যাচ্ছিল, তখন এই ঘটনাটি ঘটে।
তদন্তকারী কর্মকর্তারা জানায়, শিশুটি তার দাদার সঙ্গে এডাথুয়া গির্জায় তীর্থভ্রমণ শেষে তামিলনাড়ুর তেনকাসিতে নিজ বাড়িতে ফিরছিল। সাধারণ কামরার মেঝেতে দাদার পাশে শিশুটি ঘুমিয়ে ছিল। সেই সুযোগে অভিযুক্ত ব্যক্তি ঘুমন্ত শিশুটিকে কামরার মেঝে থেকে তুলে নিজের সিটে নিয়ে যায় এবং সেখানে তাকে যৌন নির্যাতন করে।
পাশের সিটে বসে থাকা এক নারী যাত্রী পুরো ঘটনাটি তার মুঠোফোনে ধারণ করেন এবং চিৎকার করে অন্য যাত্রীদের সজাগ করেন। তবে ট্রেনটি তখন তামিলনাড়ু সীমান্তে প্রবেশ করায় অভিযুক্ত ব্যক্তি কৌশলে সেনগোট্টাই স্টেশনে নেমে পালিয়ে যায়। পরবর্তীতে শিশুটি ও তার পরিবারের সদস্যদের জবানবন্দি গ্রহণ করা হয় এবং ওই নারীর ধারণ করা ভিডিও থেকে সন্দেহভাজন ব্যক্তির ছবি সংগ্রহ করে তদন্ত শুরু করে রেলওয়ে পুলিশ।
তদন্তের ধারাবাহিকতায় শুক্রবার কোল্লাম থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত ব্যক্তি পেশায় একটি পোল্ট্রি দোকানের কর্মচারী। পুলিশ বলেছে, তার বিরুদ্ধে যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইন (পোকসো) এবং ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। এই ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
সূত্র: এনডিটিভি











