ইরানের বাহিনী আমেরিকা ও ইসরাইলের যেকোনও পদক্ষেপ মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর একীভূত কমান্ডার প্রধান ও খাতামুল আম্বিয়ার কেন্দ্রীয় সদরদপ্তরের কমান্ডার আলী আবদুল্লাহি।
তিনি বলেন, আমেরিকা ও ইসরাইলের যেকোনও পদক্ষেপ মোকাবিলায় সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে। শত্রুপক্ষ কোনো ভুল করলে ইরানের পক্ষ থেকে দ্রুত, কঠোর ও চূড়ান্ত জবাব দেওয়া হবে।
রোববার (১০ মে) ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির বরাতে এ তথ্য প্রকাশ করেছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, আলী আবদুল্লাহি ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি সামরিক হামলা পরিচালনা এবং শত্রুদের শক্ত হাতে মোকাবিলার বিষয়ে সর্বোচ্চ নেতার কাছ থেকে নতুন দিকনির্দেশনা গ্রহণ করেন।
সাক্ষাতে আলী আবদুল্লাহি সর্বোচ্চ নেতা খামেনিকে দেশের সশস্ত্র বাহিনীর প্রস্তুতির বিষয়েও অবহিত করেন। তবে বৈঠকটি ঠিক কবে অনুষ্ঠিত হয়েছে, সে বিষয়ে ফারসের প্রতিবেদনে কোনো তথ্য জানানো হয়নি।
সূত্র: আল জাজিরা











