spot_img
spot_img

বট বাহিনী দিয়ে যুক্তরাষ্ট্র-ইসরাইলের ঐক্য ভাঙতে চাইছে পাকিস্তান: নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পাকিস্তানসহ কয়েকটি দেশের বিরুদ্ধে অভিযোগ করে দাবি করেছেন, এসব দেশ বট ফার্ম ও ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সম্পর্ক দুর্বল করার চেষ্টা করছে।

১০ মে মার্কিন গণমাধ্যম সিবিএস-এর ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি তোলেন। নেতানিয়াহু এই পরিস্থিতিকে ‘গুপ্ত ডিজিটাল যুদ্ধক্ষেত্র’ হিসেবে বর্ণনা করেন, যা সামরিক সংঘাতের পাশাপাশি চলছে।

তরুণ আমেরিকানদের মধ্যে ইসরাইলের প্রতি সমর্থন কমে যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, কিছু দেশ পরিকল্পিতভাবে ভুয়া পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাব বিস্তার করছে। এর উদ্দেশ্য হলো ইসরাইলের প্রতি আমেরিকানদের সহানুভূতি কমিয়ে দেওয়া এবং যুক্তরাষ্ট্র-ইসরাইল জোটকে দুর্বল করে ভেঙ্গে ফেলা।

উদাহরণ হিসেবে তিনি বলেন, অনেক সময় নিজেকে টেক্সাসের বাসিন্দা পরিচয় দিয়ে বার্তা পাঠানো হয়, যেখানে ইসরাইলের সমালোচনা করা হয়। তবে পরে অনুসন্ধানে দেখা যায়, এসব বার্তা পাকিস্তানের কোনো স্থান থেকে পাঠানো হয়েছে।

নেতানিয়াহু আরও বলেন, এটি একটি বড় ধরনের তথ্যযুদ্ধের অংশ। ইসরাইল একাধিক রণাঙ্গনে লড়াই করলেও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের এই ‘অষ্টম রণাঙ্গনে’ দেশটি তুলনামূলকভাবে দুর্বল অবস্থায় রয়েছে।

তবে তিনি শুধু পাকিস্তান নয়, আরও কয়েকটি দেশ এই কার্যক্রমে জড়িত বলে উল্লেখ করেন। পাকিস্তানকে তিনি একটি নির্দিষ্ট উদাহরণ হিসেবে তুলে ধরেন।

উল্লেখ্য, ইসরাইলের সঙ্গে পাকিস্তানের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। গাজা ইস্যুতে ইসরাইলের কার্যক্রম এবং ইরান-সংক্রান্ত উত্তেজনায় পাকিস্তান বরাবরই সমালোচনামুখর অবস্থানে রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ