আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। গত বছরের তুলনায় গরুর চামড়ায় প্রতি বর্গফুটে ২ টাকা এবং খাসির চামড়ায় ৩ টাকা করে বাড়ানো হয়েছে।
বুধবার (১৩ মে) সচিবালয়ে কোরবানিসংক্রান্ত ব্যবস্থাপনা বিষয়ক এক সভা শেষে ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানান।
নতুন নির্ধারিত দরে, রাজধানী ঢাকার ভেতরে গরুর কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকার বাইরে এ দাম রাখা হয়েছে ৫৭ থেকে ৬২ টাকা। এছাড়া সারাদেশে খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাণিজ্যমন্ত্রী জানান, কোরবানির চামড়া যাতে অযত্নে নষ্ট না হয়, সে জন্য জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে মাঠপর্যায়ে সরকারি ব্যবস্থাপনায় লবণ সরবরাহ করা হবে। চামড়া সংরক্ষণে সংশ্লিষ্টদের প্রশিক্ষণও ইতোমধ্যে দেওয়া হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়নে সরকারের প্রায় ২০ কোটি টাকা ব্যয় হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, চামড়া পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সরকার সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশীয় চামড়া শিল্পকে এগিয়ে নিতে চায়। এ সময় মাঠপর্যায়ের কর্মকর্তাদের চামড়া সংগ্রহ ও সংরক্ষণে কোনো ধরনের অব্যবস্থাপনা না হওয়ার নির্দেশনাও দেওয়া হয়।
উল্লেখ্য, গত বছর ঢাকায় গরুর চামড়ার দাম ছিল প্রতি বর্গফুট ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা। সেই হিসেবে চলতি বছরে প্রতি বর্গফুটে ২ টাকা করে দাম বৃদ্ধি পেয়েছে।











