ভারতকে কড়া হুমকি দিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।
তারা বলেছে, একটি স্বাধীন পারমাণবিক প্রতিবেশী দেশকে মানচিত্র থেকে মুছে দেওয়ার হুমকি কোনো কৌশলগত চাল বা ঝুঁকি নেওয়া নয়, বরং এটি কাণ্ডজ্ঞানহীনতা, চরম পাগলামি এবং যুদ্ধংদেহী মনোভাবের বহিঃপ্রকাশ।
রোববার (১৭ মে) এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা জানায়।
এর আগে শনিবার (১৬ মে) নয়াদিল্লির মানেকশ সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর হুমকি দেন ভারতীয় সেনাপ্রধান।
তিনি দাবি করেন, পাকিস্তান যদি অনতিবিলম্বে তাদের মাটিতে (তথাকথিত) সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে শত্রুভাবাপন্ন অপতৎপরতা চালানো বন্ধ না করে, তাহলে তারা ভবিষ্যতে বিশ্বের মানচিত্রে থাকবে, নাকি ইতিহাসের পাতায় হারিয়ে যাবে, তা তাদেরই সিদ্ধান্ত নিতে হবে।
ভারতীয় সেনাপ্রধানের বক্তব্যের প্রতিক্রিয়ায় আইএসপিআর বলেছে, এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ, উগ্র-জাতীয়তাবাদী এবং সংকীর্ণ মানসিকতা দক্ষিণ এশিয়াকে বারবার যুদ্ধ ও সংকটের দিকে ঠেলে দিয়েছে। আট দশক পার হওয়ার পরও ভারতের নেতৃত্ব পাকিস্তানের অস্তিত্ব মেনে নিতে পারেনি এবং ইতিহাস থেকেও সঠিক শিক্ষা নেয়নি।
পাকিস্তানের সামরিক বাহিনী ভারতকে স্মরণ করিয়ে দিয়ে বলেছে, কোনো দেশকে মানচিত্র থেকে মুছে ফেলার চেষ্টা করা হলে তার পাল্টা জবাবও হবে সমমানের এবং ব্যাপক। ভৌগোলিক ধ্বংসযজ্ঞ কখনো একতরফা হয় না, বরং তা দু’দেশের জন্যই বিপর্যয় ডেকে আনবে।











