লেবাননের ওপর ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলায় দেশটির অর্থনীতি ও অবকাঠামো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ২০২৪ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত লেবানন প্রত্যক্ষ ও পরোক্ষ মিলিয়ে ২৫ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি আর্থিক ক্ষতির মুখে পড়েছে।
রোববার (১৭ মে) লেবাননের সংবাদমাধ্যম আল-দিয়ারে প্রকাশিত এক বক্তব্যে লেবানিজ বিজনেস অ্যাসোসিয়েশনের প্রধান বাসেম আল-বাওয়াব এ তথ্য জানান।
তিনি বলেন, ইসরাইলি বাহিনীর ক্রমাগত বিমান ও স্থল হামলায় লেবাননের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অবকাঠামো মাটির সঙ্গে মিশে গেছে। এই বিপুল ধ্বংসযজ্ঞ কাটিয়ে দেশটিকে পুনরায় বসবাসের উপযোগী ও সচল করতে অন্তত ১২ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিল প্রয়োজন হবে।
তিনি আরও বলেন, যুদ্ধ এখনই বন্ধ না হয়ে আরও দীর্ঘায়িত হলে ক্ষয়ক্ষতি ও পুনর্গঠন ব্যয়ের পরিমাণ আকাশচুম্বী হতে পারে।
তিনি আরও উল্লেখ করেন, দৃশ্যমান ধ্বংসযজ্ঞের বাইরেও দেশটিতে প্রতিদিন ব্যাপক অর্থনৈতিক বিপর্যয় ঘটছে। ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়া, পর্যটন খাত ধ্বংস হওয়া এবং সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার কারণে লেবানন প্রতিদিন প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলারের পরোক্ষ অর্থনৈতিক ক্ষতির শিকার হচ্ছে।
সূত্র: আল জাজিরা











