ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফকে চীন বিষয়ক বিশেষ দূত হিসেবে মনোনীত করেছে তেহরান। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ইচ্ছা ও অনুমতিক্রমে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
রোববার (১৭ মে) দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজের বরাতে আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, ঘালিবাফকে চীন বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দিতে মোজতবা খামেনির কাছে সুপারিশ করেছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সেই সুপারিশে অনুমোদন দেন মোজতবা খামেনি।
তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়, এখন থেকে চীন বিষয়ক সব ইস্যুতে ইরান সরকারের প্রতিনিধি ও সমন্বয়কের দায়িত্ব পালন করবেন ঘালিবাফ। নতুন দায়িত্বে তার কর্তৃত্ব ও দায়িত্বের পরিধি অতীতে চীনে নিযুক্ত ইরানের যেকোনো রাষ্ট্রদূতের চেয়ে বেশি হবে।
তবে চীন বিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব নেওয়ার পর ঘালিবাফ ইরানের পার্লামেন্টের স্পিকারের দায়িত্বও পালন করবেন কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। একই সঙ্গে তিনি স্পিকারের পদ ছাড়লে তার উত্তরসূরি কে হবেন, সে বিষয়েও কিছু জানানো হয়নি।
সূত্র: আনাদোলু এজেন্সি











