ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর দেশটির ইসলামি প্রজাতন্ত্রের নেতৃত্ব ভেঙে পড়লে সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে ক্ষমতায় আনার পরিকল্পনা করেছিল আমেরিকা ও ইসরাইল।
মঙ্গলবার (১৯ মে) প্রকাশিত এক প্রতিবেদনে এমন দাবি করেছে দ্য নিউইয়র্ক টাইমস।
প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের শুরুর দিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইঙ্গিত দিয়েছিলেন, ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা ও শীর্ষ কর্মকর্তারা নিহত হলে দেশটির ভেতর থেকেই কেউ নতুন নেতৃত্বে আসতে পারে।
তবে নিউইয়র্ক টাইমসের দাবি, আমেরিকা ও ইসরাইলের কর্মকর্তাদের মাথায় নির্দিষ্টভাবে মাহমুদ আহমাদিনেজাদের নামই ছিল। একসময় কট্টরপন্থি অবস্থান ও আমেরিকাবিরোধী বক্তব্যের জন্য পরিচিত এই সাবেক প্রেসিডেন্টকে যুদ্ধ-পরবর্তী ইরানের সম্ভাব্য নেতৃত্ব হিসেবে বিবেচনা করা হচ্ছিল।
প্রতিবেদনে আরও বলা হয়, এই পরিকল্পনা মূলত ইসরাইল তৈরি করেছিল। এ বিষয়ে আহমাদিনেজাদের সঙ্গে যোগাযোগও করা হয়েছিল। তবে যুদ্ধের প্রথম দিন তেহরানে তার বাড়িতে ইসরাইলি হামলার পর তিনি এ পরিকল্পনা নিয়ে হতাশ হয়ে পড়েন।
আমেরিকার কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে সরকার পরিবর্তনের বৃহত্তর পরিকল্পনাটি খুব দ্রুতই ভেঙে পড়ে এবং বাস্তবায়নের আগেই অকার্যকর হয়ে যায়।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল











