spot_img
spot_img

ঈদের পর ইমরান খানের মামলার শুনানির আশ্বাস পাক প্রধান বিচারপতির

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানের মামলাগুলোর দ্রুত শুনানির জন্য এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

প্রায় তিন বছর ধরে কারাবন্দি ইমরান খানের মামলাগুলোর দ্রুত শুনানির জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির সঙ্গে দেখা করেছেন পিটিআইয়ের সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী সালমান আকরাম রাজা।

বৈঠক শেষে গণমাধ্যমকে সালমান আকরাম রাজা জানান, প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদি আশ্বাস দিয়েছেন, পবিত্র ঈদুল আজহার পরপরই ইমরান খানের মামলাগুলো শুনানির তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বৈঠকটিকে অত্যন্ত ‘ইতিবাচক’ বলে উল্লেখ করেন।

এর আগে ইমরান খানের আইনজীবীরা তাকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন। আবেদনে কারাবন্দি সাবেক এই প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, পরিবারের সদস্য ও আইনি দলকে তার সঙ্গে দেখা করার অনুমতি দেওয়ার পাশাপাশি তার সব মেডিকেল রেকর্ড পরিবারের কাছে হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে।

একই সুবিধা চেয়ে ইসলামাবাদ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পৃথক আরেকটি আবেদন করেছেন ইমরান খানের বোন ড. উজমা খান।

প্রধান বিচারপতির সঙ্গে সালমান আকরাম রাজার বৈঠকের ঠিক আগে ‘ইনসাফ লইয়ার্স ফোরাম’ বা আইএলএফের প্রধান সংগঠক ইন্তেজার পাঞ্জুথার নেতৃত্বে প্রায় ১০০ জন আইনজীবী ইসলামাবাদের কনস্টিটিউশন অ্যাভিনিউতে বিক্ষোভ মিছিল করেন।

পিটিআই সমর্থিত আইনজীবীদের ধারণা, এই বিক্ষোভের কারণেই প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদি স্বপ্রণোদিত হয়ে সালমান আকরাম রাজাকে বৈঠকের আমন্ত্রণ জানান।

দলীয় সূত্রে জানা গেছে, ১৯ কোটি পাউন্ডের আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইসলামাবাদ হাইকোর্টের আদেশের বিরুদ্ধেও পিটিআই খুব শিগগিরই সুপ্রিম কোর্টে আপিল করতে যাচ্ছে।

এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইমরান খান যদি কারাগারে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের সময় দেশটির শক্তিশালী সামরিক এস্টাবলিশমেন্ট বা নিরাপত্তা বাহিনীর সমালোচনা বন্ধ করেন, তবেই কেবল তার সঙ্গে সাক্ষাতের পথ আবার সহজ হতে পারে।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

spot_img
spot_img
spot_img

সর্বশেষ