spot_img
spot_img

দেশের প্রয়োজনে সেনাবাহিনী মাঠে ছিল, এখন ব্যারাকে ফিরছে: সেনাপ্রধান

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, এতদিন সেনাবাহিনী দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত ছিল। এখন থেকে তাদের প্রধান কাজ হলো ক্যান্টনমেন্টে ফিরে নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করা।

বৃহস্পতিবার (২১ মে) কুমিল্লা সেনানিবাসে ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, আমাদের কাজ হচ্ছে সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, মনোবল ঠিক রাখা এবং শৃঙ্খলা ঠিক রাখা। সেগুলো আমরা শুরু করছি।

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ২০২৪ সালের ২০ জুলাই থেকে দেশের প্রয়োজনে সেনাবাহিনী মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছে।

তিনি বলেন, দেশের প্রয়োজনে যেকোনো সময় আমরা দায়িত্ব পালনের জন্য প্রস্তুত। যতক্ষণ সরকার আমাদের চাইবে, যেকোনো প্রয়োজনে আমরা প্রস্তুত থাকব। দেশের ক্রান্তিলগ্নে সেনা সদস্যদের এমন ভূমিকা জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে।

সেনাপ্রধান আরও বলেন, দীর্ঘদিন মাঠে থাকার পরও সেনা সদস্যরা ফায়ারিংয়ে সক্রিয় রয়েছেন। এখনো তাদের পারফরম্যান্স অত্যন্ত ভালো। গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেও সেনা সদস্যরা ফায়ারিং প্রতিযোগিতায় যে দক্ষতা দেখিয়েছেন, তা সত্যিই অভূতপূর্ব।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ