পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বহন করা একটি ট্রেন শাটলে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত এবং আরও ৮২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ সূত্র।
রোববার (২৪ মে) সকালে স্থানীয় সময় আনুমানিক ৮টা ৫ মিনিটে কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে রওনা হওয়া জাফর এক্সপ্রেসের একটি শাটলে এ বিস্ফোরণ ঘটে।
ট্রেনটিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঈদ ছুটিতে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে।
বিস্ফোরণের ফলে ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয় এবং অন্তত দুটি বগিতে আগুন ধরে যায়। আশপাশের কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়। নিহত ও আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানিয়েছে সূত্রগুলো।
আহতদের মধ্যে ৫৭ জনকে সামরিক হাসপাতালে এবং ২৫ জনকে কোয়েটার সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এটি আত্মঘাতী ভেহিকল-বোর্ন ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (ভিবিআইইডি) হামলা ছিল, যেখানে ৭০ কেজির বেশি বিস্ফোরক ব্যবহার করা হয়।
সূত্র: রয়টার্স











