আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি বলেছেন, শিশুদের মেধা, মনন ও প্রতিভা বিকাশ এবং তাদের জীবন আনন্দঘন ও উচ্ছল করতে জামায়াতে ইসলামী সম্ভাব্য সবকিছু করতে প্রতিশ্রুতিবদ্ধ।
সোমবার (২৫ মে) রাজধানীর খিলক্ষেত বাজারে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রান্তিক শিশুদের মধ্যে নতুন পোশাক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের খিলক্ষেত থানা পশ্চিম এ অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা সভা শেষে এক হাজার শিশুর মধ্যে ঈদের পোশাক বিতরণ করা হয়।
সেলিম উদ্দিন বলেন, দেশ ও জাতির উন্নত ও সমৃদ্ধ ভবিষ্যৎ বিনির্মাণে শিশুদের সময়োপযোগী ও যোগ্যতর হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। মূলত যুবসমাজের হাত ধরেই জাতীয় জীবনে বড় বড় অর্জন ও সাফল্য এসেছে।
তিনি বলেন, ‘২৪-এর জুলাই বিপ্লবে সম্মুখ সারিতে থেকে যুবসমাজই বিজয় ছিনিয়ে এনেছে। এ যুবসমাজেরই বীজতলা হচ্ছে আজকের শিশুরা। তাই আগামী দিনের নেতৃত্বের শূন্যতা দূর করার জন্য শিশুদেরই যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, এজন্য দরকার শিশুবান্ধব রাষ্ট্র ও সরকার। নগরবাসী জামায়াতকে ভোট দিয়ে নগর প্রশাসনের দায়িত্ব দিলে ডিএনসিসিকে শিশুবান্ধব আদর্শ নগরী হিসেবে গড়ে তোলা হবে। তাদের খেলাধুলা, শরীরচর্চা ও সুস্থধারার বিনোদনের ব্যবস্থা করবে নগর প্রশাসন।
সেলিম উদ্দিন স্বপ্নের শিশুবান্ধব নগরী প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান।
ভারপ্রাপ্ত থানা আমীর সলিমুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।
এ সময় উপস্থিত ছিলেন খিলক্ষেত পশ্চিম থানার সাবেক আমীর হোসাইন আহম্মেদ, জামায়াত নেতা মো. জাকির হোসেন ভূইয়া, জামায়াত মনোনীত ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. সালাউদ্দিন দর্জি, জামায়াত নেতা ওয়াহিদুজ্জামান ও শ্রমিক ইয়কুব আলী প্রমুখ।











