spot_img
spot_img

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান পাকিস্তানের

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আব্রাহাম অ্যাকর্ডসে যোগদানের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইসলামাবাদ কোনো অবস্থাতেই ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না।

সোমবার (২৫ মে) আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে পাকিস্তানসহ সৌদি আরব, কাতার, তুরস্ক, মিসর ও জর্ডানকে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার আহ্বান জানান।

ট্রাম্প তার এই বার্তায় উল্লেখ করেন, ইরান যদি আমেরিকার সঙ্গে কোনো শান্তি চুক্তিতে পৌঁছায়, তবে তাদেরও এই বৈশ্বিক জোটের অংশ হওয়া উচিত।

ট্রাম্পের এই প্রস্তাবের জবাবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি, আমাদের মৌলিক আদর্শের সঙ্গে সাংঘর্ষিক এমন কোনো চুক্তিতে যোগ দেওয়া উচিত নয়।’ ইসরাইলের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, ‘যাদের কথায় একদিনের জন্যও ভরসা করা যায় না, তাদের সঙ্গে কীভাবে বসবেন?’

এদিকে পাকিস্তানি একটি সরকারি সূত্র আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসিকে জানিয়েছে, ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি এবং আব্রাহাম অ্যাকর্ডসে যোগদানের বিষয় দুটি সম্পূর্ণ আলাদা এবং পাকিস্তান এই বিষয়ে কোনো ধরনের চাপের মুখে নেই। পাকিস্তান দীর্ঘ সময় ধরেই ইসরাইলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না এবং দেশটির নাগরিকদের জন্য ইসরাইলে ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে।

গত ২০২০ সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল। ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে এই চুক্তির পরিধি বাড়াতে নতুন করে উদ্যোগ নিলেও এখন পর্যন্ত প্রস্তাবিত দেশগুলোর কেউ এতে ইতিবাচক সাড়া দেয়নি।

তথ্যসূত্র: দ্য ইকোনোমিক টাইমস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ