spot_img

ভারতে পুলিশের নির্যাতনে মুসলিম ড্রাইভারের মৃত্যু

ভারতের কেরালার কোল্লাম জেলার কুন্দারায় পুলিশের হেফাজতে নির্যাতনের ফলে সিয়াদ (২৯) নামে এক বেসরকারি বাসচালকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ জুলাই) তিরুবনন্তপুরমের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার পাঁজরের হাড় ভেঙে গিয়েছিল। ওই আঘাতের কারণে তার ফুসফুসে গুরুতর সংক্রমণ হয়েছিল বলে জানা গেছে।

প্রতিবেশী ১৩ বছর বয়সী এক কিশোর নিখোঁজ হয়েছে, এমন অভিযোগের পর গত ১৬ জুন রাতে পুলিশ সিয়াদকে আটক করে। পরদিন সকালে কিশোরটি বাড়িতে ফিরে এলে তাকে ছেড়ে দেওয়া হয়।

নিখোঁজ কিশোরের বিষয়ে অভিযোগ কারী বলেন, সিভিল পুলিশ কর্মকর্তা শ্রীজিথ পুলিশ জিপের ভেতরেই সিয়াদকে মারধর শুরু করেন। সিয়াদকে যখন মারধর করা হচ্ছিল, তখন আমি জিপের ভেতরেই ছিলাম। ব্যথায় সে চিৎকার করছিল।

সিয়াদের বাবা-মা বদরুদ্দিন ও আরিফা বলেন, তাদের ছেলে জানিয়েছিলেন, অন্য কাউকে ভেবে তাকে নির্মমভাবে মারধর করা হয়েছে।

পরিবারের ভাষ্য অনুযায়ী, সিয়াদের আগে কোনো স্বাস্থ্যগত সমস্যা ছিল না। কিন্তু কথিত নির্যাতনের পর আট দিন পর্যন্ত তিনি পানি পানও করতে পারেননি।

কোল্লাম জেলা হাসপাতালে করা এক্স-রেতে তার পাঁজরের হাড় ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। পরে ওই আঘাতের কারণে তার ফুসফুসে গুরুতর সংক্রমণ দেখা দেয়। এরপর তাকে মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।

স্বজনেরা জানিয়েছেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে পরিচিত সিয়াদের বিরুদ্ধে অপরাধমূলক কোনো রেকর্ড ছিল না। ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাদের চাকরিচ্যুত ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তার স্বজনেরা।

ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীশান ও পুলিশের মহাপরিচালকের কাছে অভিযোগ দেওয়ার পরিকল্পনা করেছেন তারা।

একজন উপপুলিশ সুপারের নেতৃত্বে জেলা অপরাধ শাখা ঘটনাটি তদন্ত করছে। তবে পুলিশ মারধরের অভিযোগ অস্বীকার করেছে।

সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে সিপিআইএম নেতা ও বিধায়ক কে. এন. বালাগোপাল অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত, হত্যা মামলা দায়ের এবং সিয়াদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তিনি ঘটনাটির সঙ্গে পুলিশি হেফাজতে মৃত্যুর আগের একটি ঘটনার তুলনা করেছেন।

সূত্র: মুসলিম মিরর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ