spot_img
spot_img

গাজ্জার ৭০ শতাংশ দখলের নির্দেশ নেতানিয়াহুর

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় দখলদারিত্ব আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরাইলি বাহিনীকে গাজ্জার ৭০ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণে নিতে বলেছেন তিনি।

বৃহস্পতিবার (২৮ মে) ইসরাইলি গণমাধ্যমে প্রচারিত এক বক্তব্যে নেতানিয়াহু এ নির্দেশনার কথা জানান।

নেতানিয়াহু বলেন, “আমরা বর্তমানে গাজ্জা উপত্যকার ৬০ শতাংশ ভূখণ্ড পুরোপুরি নিয়ন্ত্রণ করছি। আমার নির্দেশনা হলো, ৭০ শতাংশে পৌঁছাতে হবে।”

অবরুদ্ধ গাজ্জা পুরোপুরি দখলের দাবি জানিয়ে উপস্থিত একজন চিৎকার করলে নেতানিয়াহু বলেন, “আমরা ধাপে ধাপে এগোচ্ছি। আগে ৭০ শতাংশ।”

আমেরিকা-মধ্যস্থ যুদ্ধবিরতি চুক্তিতে গাজ্জা থেকে ইসরাইলি বাহিনীর পর্যায়ক্রমিক প্রত্যাহারের কথা থাকলেও বাস্তবে দখলদার বাহিনী উল্টো গাজ্জার আরও ভেতরে ঢুকে নিয়ন্ত্রণ বিস্তার করছে।

আল জাজিরা জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তিতে নির্ধারিত ‘ইয়েলো লাইন’ অতিক্রম করে ইসরাইলি বাহিনী ইতোমধ্যে গাজ্জার আরও ১১ শতাংশ এলাকায় দখলদারিত্ব বাড়িয়েছে। এতে গাজ্জার প্রায় দুই-তৃতীয়াংশ ভূখণ্ড ফিলিস্তিনিদের জন্য কার্যত অগম্য হয়ে পড়েছে।

টানা আগ্রাসন, অবরোধ ও বাস্তুচ্যুতির মুখে গাজ্জার লাখ লাখ ফিলিস্তিনি আগে থেকেই চরম মানবিক সংকটে রয়েছেন। এর মধ্যে নতুন করে ৭০ শতাংশ ভূখণ্ড দখলের নির্দেশকে গাজ্জায় ফিলিস্তিনিদের আরও সংকুচিত করে ফেলার পরিকল্পনা হিসেবে দেখা হচ্ছে।

যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও গাজ্জায় ইসরাইলি হামলা প্রায় প্রতিদিনই চলছে। বৃহস্পতিবারও গাজ্জায় ইসরাইলি বিমান হামলায় শিশুসহ অন্তত ১০ জন নিহত হওয়ার কথা জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।

সূত্র : আল জাজিরা, মিডল ইস্ট আই, রয়টার্স, দ্য গার্ডিয়ান, জেরুজালেম পোস্ট।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ